কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

মনোহরগঞ্জে মাদকসহ গ্রেফতার সেই চার স্বেচ্ছাসেবক লীগ নেতা পদ হারালেন

author
Reporter

প্রকাশিত : Mar 5, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মাদকসহ গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পদ হারালেন জেলার মনোহরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মী। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পীর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের অব্যাহতি দেয়া হয়। তারা হলেন- মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, সংগঠনের উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম। অব্যাহতির সংক্রান্ত চিঠি শনিবার সাংবাদিকদের নিকট প্রেরণ করা হয়। 

অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী জানান, গত বৃহস্পতিবার রাতে মাদক দ্রব্যাদি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ওই চারজন নেতাকর্মী গ্রেফতার হন। তাই সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার ওই চারজনের নৈতিকস্খলনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমানীত হয়েছে। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের নেতৃবৃন্দকে অবহিতকরণ সাপেক্ষে তাদেরকে সংগঠনের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জেলার মনোহরগঞ্জগামী একটি প্রাইভেট কার তল্লাশী করে ২০ বোতল ফেনসিডিল জব্দ এবং ওই চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আটককৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৯৭৬৯) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরণের বলে পুলিশ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab