নিজস্ব প্রতিবেদক
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে কুমিল্লায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ভোটের পর এবার ভাতের অধিকারও কেড়ে নিয়েছে। এখন দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। বাজারে গেলে ডাল কিনলে চাল কিনা যায় না। চাল কিনলে ডাল কিনা যায় না। এ দুর্ভিক্ষকে পূঁজি করে সরকার মানুষের দূর্বলতার সুযোগ নিয়ে আবার ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সেটা আর সম্ভব হবে না। কারণ দেশের জনগণ এখন সাথে থেকে বিএনপিকে চায়।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা সরকারের সমালোচনা করে বলেন, এই পিশাচ সরকার রাতের নির্বাচন করে দেশকে এখন অসুস্থ করে ফেলেছে। দেশের মানুষ মুক্তি চায়। শুধু একটা আইডি কার্ড ছাড়া এই দেশের মানুষের কি আছে? না আছে ভোটের অধিকার না আছে বলার অধিকার। এবার বেঁচে থাকার অধিকারও কেড়ে নিয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূইয়া, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিঞা, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।