নিজস্ব প্রতিবেদক
প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন মজুমদার (৪২)। সোমবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় গণপূর্ত উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর।
পুলিশের ওই কর্মকর্তা জানান, নিহত রিপন একটি ডিশ লাইন কোম্পানীর অপারেটর হিসেবে কাজ করতেন।
বিকেল ৫ টায় রিপন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পুলিশ সুপার কার্যালয়মূখী যাচ্ছিলেন। একটি কোচিংয়ে তার সন্তান লেখাপড়া করে। কোচিংয়ে ছুটি শেষে সন্তানকে নিয়ে আসতে যাওয়ার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিপন। মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণে রিপনের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা কমল কৃষ্ণ ধর আরো জানান, রিকশা চালকও প্রচন্ড আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মুহুর্তে রিকশা চালককের পরিচয় পাওয়া যায় নি।
ঘাতক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারি থানায় আনা হয়েছে। তার বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেও জানান পুলিশ কর্মকর্তা কমল।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটির সামনে পুলিশ লেখা স্টিকার ছিলো। পুলিশ এসে স্টিকারটি তুলে নেয়।
তবে পুলিশ কর্মকর্তা কমল জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে ঘাতক প্রাইভেটকার চালক যেই হউক তাকে আইনের আওতায় আনা হবে।