কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

তিন মাসের সন্তানকে ডোবায় ফেলে দেন মা!

author
Reporter

প্রকাশিত : Feb 21, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে ৩ মাস ১০দিন বয়সের এক কন্যা সন্তানকে ডোবার পানিতে ফেলে হত্যা করেছেন মা। সোমবার উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম উম্মে সাইফা।

ওই ঘটনায় মা ছামিয়া আক্তার বকুলকে (২০) আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ ব্যাপারে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দেড় বছর আগে উপজেলার শালচর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে ছামিয়া আক্তার বকুলের (২০) সাথে পাশের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যা সন্তানের মা হয়। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

রবিবার স্থানীয়ভাবে সালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সকালে বকুল তার কন্যা সন্তান উম্মে সাইফাকে শালচর এলাকার একটি ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত উম্মে ছাইফার মা ছামিয়া আক্তার বকুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab