নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১৪ দলের জেলা সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট (৮২) আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্নাঢ্য এ রাজনীতিক নেতা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ৩ ছেলে ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য নেতা-কর্মী রেখে গেছেন।
বুধবার (আজ) সকাল ১১টায় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া খান বাড়ি জামে মসজিদ এবং বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বরেন্য রাজনীতিক আফজল খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা জানান, তার বাবা আফজল খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভোগছিলেন। এরই মধ্যে গত ২৮ অক্টোবর তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং দেহে সোডিয়ামের মাত্রা কমে যায়। এ অবস্থায় ওইদিন সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু ধীরে ধীরে তার শারীরীক অবস্থার অবনতি হতে থাকলে পরদিন বিকালে হেলিকপ্টারযোগে তাকে ঢাকা নিয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হলে কুমিল্লার বাড়িতে নেয়া হয়। এরপর তিনি করোনা আক্রান্ত হলে তাকে ফের ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে (এএমজেড হসপিটাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। মরহুমের ৩ ছেলের মধ্যে বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান এফবিসিসিআই’র পরিচালক।
উল্লেখ্য, অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট
সোসাইটির সাবেক সহ-সভাপতি, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কুমিল্লা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, কুমিল্লা চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই এর সাবেক পরিচালক, সমবায় ইউনিয়নের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আফজল খান কুমিল্লায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি বঙ্গবন্ধু ল-কলেজ, শেখ ফজিলাতুন্নেছা কারিগরি স্কুল এ- কলেজ, মডার্ন স্কুলসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
শোক প্রকাশ:
অধ্যক্ষ আফজল খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার, এফবিসিসিআই’র পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ.ফ.ম আহসান উদ্দিন টুটুল, বর্তমান সভাপতি আবু তৈয়ব অপু প্রমুখ ।
নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট আফজাল খান একজন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও কুমিল্লার গণমানুষের নেতা। দেশ ও মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।