নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় মঙ্গলবার (১৩ জুলাই) থেকে আবারও শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার। সংক্রমণ প্রতিরোধে উপজেলা পর্যায়ে চীনের তৈরি সিনোফার্মার টিকা এবং সিটি কর্পোরেশন এলাকায় ও নিবন্ধিত প্রবাসীদের দেওয়া হবে মডার্নার টিকা। এরই মধ্যে উপজেলা পর্যায়ের টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে সিনোফার্মার টিকা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত রোববার ভোরে ১৩ হাজার ২০০ ডোজ মডার্নার টিকা কুমিল্লায় এসেছে। এর আগে গত শুক্রবার আসে ৭৮ হাজার ৪শত ভায়াল সিনোফার্মার টিকা। দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় ৭ জুলাই টিকার জন্য দেশে নিবন্ধন শুরু হয়।
সোমবার বিকালে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, এ ভ্যাকসিন নতুন নিবন্ধনকারীদের মাঝে দেওয়া হবে। বিদেশগামীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিশ্চিত করা হবে।