কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

অপহরণের ২৫ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেফতার ২

author
Reporter

প্রকাশিত : Apr 21, 2021 ইং
ad728

দেবিদ্বার সংবাদদাতা

মুক্তিপণের টাকা আদায় করতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বাধীন নামের এক মাদ্রাসা ছাত্রকে কৌশলে নেয়া হয় বান্দরবানের লামা উপজেলায়। কিন্তু দাবীকৃত টাকা না পেয়ে খুন করা হয় তাকে। পরে খুনের ঘটনা লুকাতে মাটি চাপা দেওয়া হয় মরদেহ। ২৫ দিন পর মাটির নিচ থেকে হাফেজ মো. অলি উল্লাহ স্বাধীনের মরদেহ উদ্ধার করে লামা থানা পুলিশ। বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিং ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

নিহত স্বাধীন (১৭) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুমিল্লার বুড়িচং থানার খারাতাইয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. ফয়েজ আহমদ (৩৮) ও নিহতের ফুফাতো ভাই দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মৃত মো. আব্দুল গণি খাঁর ছেলে মো. আরিফুল ইসলাম (১৭)। এদিকে মরদেহ উদ্ধারের খবরে স্বাধীনের দেবিদ্বারের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারী।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন সোহেল বলেন, তিনি কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে ব্যবসা করেন। গত ২২ মার্চ স্বাধীন বেড়ানোর কথা বলে আরিফুলের সঙ্গে বাড়ি থেকে বের হয়। কয়েকদিন যাবৎ তার খোঁজ না পেয়ে আমরা গত ২৪ মার্চ কুমিল্লার বুড়িচং থানায় জিডি করি।

লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বেত ঝিরি থেকে দুইজনকে আটক করে। ওইদিন রাতে আসামিদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে খুনের ২৫ দিন পরে মাটির নিচ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab