নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় চুরি-ছিনতাই রোধে এবং পরিবহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এক পদ্ধতি গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। লাইসেন্স প্লেটের পাশাপাশি যাত্রীদের সামনেই আলাদা একটি কার্ডে ঝুলানো হয়েছে চালকের নাম-পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের নম্বর এবং জরুরি প্রয়োজনে পুলিশের ফোন নম্বর। এছাড়া প্রতিটি যানবাহনের সামনে চালক ও মালিকের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হচ্ছে।
কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা নগরীরতে চলাচলকারী শতাধিক সিএনজি চালিত অটোরিকশায় সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ। উদ্বোধন শেষে কুমিল্লা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের কাছে স্টিকার হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, চুরি-ছিনতাই রোধে এই ‘চালক পরিচিতি (আইডি) কার্ড’ সবচেয়ে বেশি কাজে দেবে। যাত্রীরা যদি সিএনজি অটোরিকশা বা ইজিবাইকে চলাচলের সময় চালক ও পরিবহনের পরিচয় জেনে রাখতে পারে, তাহলে যাত্রীদের কোনো বিপদ হলেও অপরাধীরা পার পাবে না। অপরাধী শনাক্ত ও শাস্তির আওতায় আনা সহজ হবে। পুলিশ সুপার বলেন, আশা করছি, এতে করে পরিবহনে অপরাধ কমে আসবে।’
কুমিল্লা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের এই ব্যতিক্রমি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। অপরাধ রোধে আমরা সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাবো জেলা পুলিশকে।
সভায় জানানো হয়, কুমিল্লায় অন্তত ৮ হাজার লাইসেন্সসহ সিএনজি অটোরিকশা আছে। পর্যায়ক্রমে সব যানবাহনকে এর আওতায় আনা হবে। তবে বৈধ যানবাহানের পাশাপাশি অবৈধ যানবাহনগুলোকে দ্রুত এই ধরনের পরিচয়পত্রের আওতায় আনার দাবি যাত্রী ও চালকদের।