নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি বর্তমানে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে সাগরে। এরই প্রভাবে ঝড়ো বা দমকা বাতাসসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে কুমিল্লায়। বর্তমান বৃষ্টিপাতের পরিস্থিতি শুক্রবারও কুমিল্লায় অব্যাহত থাকবে। তবে রাতে কিংবা আগামী কালকের মধ্যে যে কোন সময় ভারী থেকে অতিভারী আকারের বৃষ্টিপাত হতে পারে।
সেই সাথে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া কুমিল্লার কোথাও কোথাও দমকা হাওয়া বা বাতাসের সঙ্গে অতিভারী বর্ষণও হতে পারে। সেই জন্য কুমিল্লাসহ সমুদ্রবন্দর গুলোতে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লায় ২৯ মি. মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবারও গভীর নিম্নচাপ অবস্থান করবে সাগরে। যার ফলে শুক্রবারও ঝড়ো কিংবা দমকা বাতাসের সাথে বৃষ্টিপাত থাকবে সারাদিন। সেই সঙ্গে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত অব্যাহত থাকবে।
এদিকে বৃহস্পতিবার সারাদিনের ঝড়ো বা দমকা বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দিনব্যাপী এই বর্ষণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন করোনা আর্থিক সংকটে পড়া শ্রমজীবী মানুষগুলো। যারা একদিন বাসা থেকে কর্মে জড়িয়ে না পড়লে পরিবারের সদস্যদের পেঠে খাবার জোটে না। সেই শ্রেণির মানুষগুলো দিনব্যাপী অব্যাহত থাকা বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছেন।