কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

লাকসামে গ্রামবাসীর হাতে ডাকাত দলের ৬ সদস্য আটক

author
Reporter

প্রকাশিত : Oct 22, 2020 ইং
ad728

নাসির উদ্দিন চৌধুরী, লাকসাম ।। 

কুমিল্লার লাকসাম পৌর এলাকার শ্রীপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে এবং সড়কে ব্যারিকেড দিয়ে স্থানীয় গ্রামবাসীর হাতে অস্ত্রসহ আন্তঃজেলা ৬ ডাকাত সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার ভোর রাতে ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেয়।

আটককৃত ডাকাত সদস্যরা হলো, পাশ্ববর্তী উপজেলার নাঙ্গলকোট আদ্রা ইউনিয়নের ভোলাইন গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে রাজু প্রকাশ শাহিন (২৮), তারই ছোট ভাই কামাল (২৫), চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের মৃত আবদুর রবের ছেলে সোহেল (২৬), ফেনী জেলা সদরের দক্ষিণ চাঁদপুরের মৃত হরেন্দ্র নাথের ছেলে বিমল চন্দ্র নাথ (৪৫), চট্টগ্রামের মোরেলগঞ্জ থানার দক্ষিণ সোনার পাহাড় গ্রামের মো. আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন (৩৮) এবং একই জেলার সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের আবদুল জলিলের ছেলে বাবু (২৩)।

ডাকাত সদস্য আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি রিভলবারসহ বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি উদ্ধারকৃত রিভলবারটি খেলনা রিভলবার ছিল।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে একটি পিকআপ যোগে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে লাকসাম পৌরসভার মিশ্রি গ্রামের ভিতর দিয়ে শ্রীপুর গ্রামে প্রবেশ করে। এ সময় এলাকাবাসী ঘটনার টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে এবং ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। ওই সময় স্থানীয় এলাকাবাসী বাড়ি-ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে পিকআপসহ ৬ ডাকাতকে আটক করে লাকসাম থানা পুলিশে সংবাদ দেন। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লাকসাম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রাজিব হোসেন জানান, ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (নং- চট্ট মেট্টো- ম- ১১-১০১০), একটি খেলনা রিভলবার, একটি কার্টার মেশিন, একটি ছোরা, এসএস পাইপ বক্স, কাঁচি, ধারালো ছেনি, দুইটি পুরাতন মোবাইল ফোন এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ব্যাপারে লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ঘটনার আরো তথ্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab