নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পৃথক দুর্ঘটনায় পল্লীবিদ্যুতের এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার মহাসড়কের পৃথকস্থানে দুর্ঘটনা দুইটি ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য কয়েকজন শ্রমিক একটি ঠেলাগাড়ি যোগে বৈদ্যুতিক খুঁটি নিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক পিলারসহ ঠেলাগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল (২৬) নামের এক শ্রমিক নিহত হয়। গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। এসময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।
ওসি শাফায়েত হোসেন আরও জানান, একই দিন সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউটার্ন নিতে গিয়ে লরির চাপায় হুমায়ুন কবীর (৩৫) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলায় এবং পরিবারসহ কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতেন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত রিকশাটি উদ্ধার করে এবং নিহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।