নিজস্ব প্রতিবেদক
ছেলের জন্য আমার বুক হাহাকার করছে। কোনও কিছুতেই আমার বুকের জ্বালা বন্ধ হবে না। আমি খুনিদের ফাঁসি চাই। তাদের ফাঁসি হলেই আমার বুকের জ্বালা নিভবে। কাঁদতে কাঁদতে এভাবে কথাগুলো বলে গিয়েছেন কুমিল্লার চৌয়ারায় প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার জিল্লুর রহমান চৌধুরী জিলানীর বৃদ্ধা মা ফেরদৌস আরা বেগম।
কুমিল্লা নগরীর চৌয়ারায় যুবলীগকর্মী জিল্লুর হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতারসহ বিচার দাবিতে রাস্তার নেমে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৃদ্ধা মা, দুই শিশু ছেলে, স্ত্রী এবং এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে নগরীর চৌয়ারা বাজার এলাকায় এই বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিচারের দাবিতে বক্তব্য রাখেন নিহতের মা ফেরদৌস আরা বেগম, স্ত্রী জাহানারা বেগম, ভাই ইমরান হোসেন চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা অহিদুর রহমান, জাকির হোসেন ও বাবুসহ আরও অনেকে।
এসময় বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত জিল্লুর মা, ভাই ও স্ত্রী।
মামলার বাদী ও নিহতের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বলেন, ইতিমধ্যে খুনিরা রাজনৈতিকভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা শুরু করে দিয়েছে। আমাদের বিচার চাওয়ার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। আমরা তার কাছেই আমার ভাই হত্যার বিচার চাই।
নিহতের স্ত্রী বলেন, খুনিদের ভয়ে আমরা আতংক গ্রস্থ হয়ে পড়েছি। খুনিরা এখনও গ্রেফতার হয়নি বরং আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায়।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দীয় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনই গত ১১ নভেম্বর চৌয়ারায় যুবলীগ কর্মী গোলাম জিলানীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআইতে তদন্তনাধীন রয়েছে।