নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা-ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কুসিকের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল ও ওয়ার্ড আ:লীগের সভাপতি আজমির হোসেন এবং সাধারণ সম্পাদক হুমায়ন কবির এ হামলা ও ভাংচুর চালান বলে অভিযোগ ঘড়ি প্রার্থী সাক্কুর।
শহরের কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গদারমার কলোনিতে শুক্রবার বিকেল পাঁচটায় নারী ও পুরুষের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শুরুর মধ্যেই ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুলের নেতৃত্বে মহিলা নেএী পারভীন আক্তার হামলা চালায়। এর পরপর ওয়ার্ড আ:লীগের বিভিন্ন নেতাকর্মীরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও স্টেজের ব্যানার ফেস্টুন ভাঙচুর করে ছিড়ে ফেলে।
সাবেক মেয়র সাক্কুর দাবি, ওয়ার্ড আ:লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উঠান বৈঠক শুরুর আগেই আমার স্টেজ, চেয়ার-টেবিল ভাঙচুর করে। যাতে করে এখানে আমি উঠান বৈঠক প্রোগ্রাম করতে না পারি। তারা টেবিল ঘড়ি প্রতিকের প্রচার না চালাতেও হুমকি দিয়ে যায়।
মেয়র প্রার্থী সাক্কু আরো বলেন, ‘মেয়র হিসেবে আমার বিজয় সুনিশ্চিত জেনেই বাস প্রতিকের প্রার্থী ডা.তাহসিন বাহার সূচনার কর্মীরা বেসামাল হয়ে আ:লীগ,যুবলীগ ও ছাত্রলীগ লেলিয়ে দিয়ে আমার উঠান বৈঠক পণ্ড করিয়েছে। আগামী ৯ মার্চ তারিখের ভোটের মাধ্যমে এর জবাব দেবে কুমিল্লাবাসী।’