নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া যুবলীগ নেতা জিল্লুর রহমান চৌধুরী জিলানী হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে নগরীর পুরাতন চৌয়ারা বাজার এলাকায় এই মানবন্ধন করা হয়।
ওই মানবন্ধনে জিলানীর স্ত্রী, দুই সন্তান, মা ও ভাইসহ পরিবারের লোকজন ছাড়াও এলাকার কয়েক হাজার লোক অংশ নেয়।
দুই সন্তান নিয়ে মানবন্ধনে উপস্থিত জিলানী স্ত্রী স্কুল শিক্ষিকা জাহানারা বেগম বলেন, আমার ৩ সন্তানকে যারা এতিম করেছেন, আমাকে করেছে বিধবা, আমি সেই ঘাতকদের গ্রেফতার ও ফাঁসি চাই।
জিলানীর মা ফেরদৌস বেগম বলেন, আমার সন্তানকে যারা খুন করেছে তদের মস্তক না পেলে আমি শান্তি পাব না। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় হাসান বাবর বাবু, মানিক, অহিদুর রহমান ও জাকির হোসেন। মানবন্ধন শেষে ঘাতকদের গ্রেফতার ও বিচার দাবি করে একটি বিক্ষোভ মিছিল চৌয়ারা বাজারে গিয়ে শেষ হয়।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চৌয়ারা বাজারে সশস্ত্র সন্ত্রাসীরা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই মোঃ ইমরান হোসাইন চৌধুরী। মামলায় কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ওরফে রিন্টু, সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর আবুল হাসান, আবদুস সাত্তার এবং সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার ওরফে খলিলসহ ২৪ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ আব্দুল কাদের নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে।
আরও খবর
কুমিল্লায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ‘আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে’র সংবাদ সম্মেলন
কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর হত্যায় আ’লীগ-যুবলীগ নেতাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই যুবলীগ কর্মী জিল্লুরকে হত্যা