নিজস্ব প্রতিবেদক
রমজানের বাজারে নানা অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।
শনিবার ১৮ মার্চ কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে মাছ, মাংস, মুরগী, মুদি, সবজি, কসমেটিক, ফল, খেঁজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ওপর তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত মূল্যে মুরগী বিক্রি করায় বকশি ব্রয়লার হাউজকে ৩ হাজার, নিষিদ্ধ কসমেটিক ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করায় পরশমনি এন্টার প্রাইজকে ৪ হাজার এবং অনুমোদনহীন বিদেশী খাদ্য পণ্য বিক্রি করায় নিউ দত্ত স্টোরকে ৫ হাজারসহ তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এসময় তিনি বলেন, মাছে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা, ওজনে কারচূপি করা হচ্ছে কিনা, খাসী বলে ছাগির মাংস দেওয়া হচ্ছে কিনা তদারকি করা হয়। রমজানে বেশি ব্যবহৃত হওয়া লেবু, শসা, বেগুন, টমেটো, কাঁচা মরিচ প্রভৃতি সবজির ক্রয় ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মুনাফা করা নির্দেশনা দেওয়া হয়। হ্যান্ড মাইকের মাধ্যমে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ, ওজনে কম না দেওয়া ও অযৌক্তিক মূল্য বাড়িয়ে ভোক্তাদের কষ্ট না দিতে নির্দেশনা দেওয়া হয়।