কান্দিরপাড়, কুমিল্লা | | বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে ভাসুর দেবরের মারধরে নারীর মৃত্যু

author
Reporter

প্রকাশিত : Jul 31, 2022 ইং
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাসুর দেবরের মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম কুলসুমা বেগম(৬৫)। তিনি চৌদ্দগ্রাম পৌরএলাকার  শ্রীপুর গ্রামের পশ্চিম পাড়া মজুমদার বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী। রোববার (৩১ জুলাই) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে কুলসুমা বেগমের সঙ্গে তার ভাসুর ধন মিয়া ও দেবর আরছ মিয়ার বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত শনিবার (৩০ জুলাই) ধন মিয়া, আরছ মিয়া, ধন মিয়ার ছেলে শাহিন ও সাইফুল কুলসুমা ও তার মেয়ে নাজমা আক্তারকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার গুরুতর আহত কুলসুমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুলসুমা বেগমের ছেলে মো. সোহেল বলেন, আমার জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে বাড়ির জন্য জায়গা ক্রয় করেন। কিন্তু আরছ মিয়া ও ধন মিয়া আমাদের কাছে জায়গা পাবেন বলে বিরোধ সৃষ্টি করেন। মাত্র দুই শতক জায়গা নিজেদের দাবি করে তারা আমার মাকে বিভিন্ন সময় মারধর করতো। তারা প্রভাবশালী হওয়ায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাত্তা না দেয়ায় কেউ বিচার করতে আসতে চায় না। 

এবিষয়ে কথা বলতে অভিযুক্তদের বক্তব্য নেয়ার জন্য তাদের মোবাইল একাধিক কল দিলেও তারা কেউ কল ধরেননি। তাই  বক্তব্য নেয়া সম্ভব হয়নি। জানা গেছে, তারা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুমা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab