ঢাকা | | বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করলো ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 174 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গানে গানে নবীনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবু জাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য হাসান ইমাম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক অধ্যক্ষ বলেন, একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে দরকার দক্ষ ও সুশিক্ষিত নাগরিক। অন্যথায় দেশ পিছিয়ে পড়ার শঙ্কা থাকে। এ বিষয়টি উপলব্ধি করেই নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার চেষ্টা করছে বর্তমান সরকার। আগামীতে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রস্তুত করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমেদ। তিনি বলেন পাঠে মনোযোগী হওয়ার পাশাপাশি সন্ত্রাস ও মাদক থেকে দূরে থাকতে হবে। তিনি ছাত্র-শিক্ষকের সেতুবন্ধন আরও জোরালো করার তাগিদ দেন।

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের প্রথম ক্লাস উপলক্ষে সকাল থেকেই নবীনদের পদচারণায় মুখর হয় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় আঙ্গিনা। তাদের বরণ করতে পুরো প্রতিষ্ঠানকেই সাজানো হয় বর্ণিল সাজে। শিক্ষাগুরুদের জ্ঞানগর্ভ আলোচনা হৃদয়ঙ্গমের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ, নতুন সহপাঠীদের সাথে পরিচিতি ও নানা স্মৃতির কথকথা ভাগাভাগির মাধ্যমে একটি চমৎকার দিন অতিবাহিত হয় নবীনদের।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন শিক্ষার জন্য এসে সেবার জন্য বেরিয়ে যেতে হবে।নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশ মাতৃকার কাজে আত্মনিয়োগ করতে হবে।

আগামীতে দেশ গড়ার কাজে নিজেদের সুশিক্ষিত ও যোগ্যতা অর্জন করতে নতুন প্রজন্মকে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সহকারী অধ্যাপক মলি ধর।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS