
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন ছেলে তার মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে জেলার বরুড়া উপজেলার শালুকিয়া গ্রামে। আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাতে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ইমান হোসেন (৩৬) কে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শালুকিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইমান হোসেন (শাবু) ধারালো দা দিয়ে কুপিয়ে তার মা মমিনা বেগমকে (৬৮) মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি ঘটায় রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মুজমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাকে হত্যার অভিযোগে ইমান হোসেন সাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।