
নিজস্ব প্রতিবেদক
১০ দফা দাবি ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কুমিল্লায় গণমিছিল করেছে মহানগর জামায়াত। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১২ নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। দুইজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর লাকসাম রোডের সালাহউদ্দিন হোটেল থেকে জামায়াত শিবিরের গণমিছিলটি ব্যানার নিয়ে টমছমব্রিজ এলাকায় আসলে পুলিশ ধাওয়া করে। এসময় গণমিছিলটি পণ্ড হয়ে যায়।
এসময় গণমিছিল থেকে দৌড়ে পালানোর সময় পৃথকভাবে ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে নগরীর তালপুকুরপাড় লস্করভিলার খোরশেদ আলম ও মো. এনামুল হকের নাম জানা গেছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে শ্লোগান দেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া ১২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামাতের মিছিল শেষ হবার পর দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। নাশকতার মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।