নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর (জাগুরতলী) এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহন একটি বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রাণে রক্ষা পেলেন ২০-২৪ যাত্রী। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনার আগেই পুড়ে যায় পুরো বাসটি। তবে বাসে অগ্নিকা-ের ঘটনায় কোন হতাহত হয়নি বলে নিশ্চিত করেন কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার পুলিশ সদস্যরা।
শুক্রবার (২৯) মধ্যরাতে হক ইন রেন্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক যাত্রীরা নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে মহাসড়কের উপর অগ্নিকা-ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কুমিল্লা হাইওয়ে ময়নামতি থানার ওসি সাফায়েত হোসেন জানান, মহাসড়কের চট্টগ্রামমূখী গ্রীন লাইনের বাসটি কুমিল্লার জাগুরতলী এলাকায় রানা সিএনজি ফিলিং স্টেশনের কাছে এসে হার্ট ব্রেক করেছিল। ঠিক তখন পিছনে থাকা একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্বিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। অন্যদিকে বাসে অগ্নিকা-ে মহাসড়কের উভয়পাশে গাড়ির জট তৈরি হয়। তখন ময়নামতি হাইওয়ে থানার পুলিশ সদস্যরা মহাসড়ক স্বাভাবিক করতে ভোর ৫টা পর্যন্ত কাজ করেছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় প্রাথমিকভাবে কাভার্ডভ্যানের চালকের কোন অপরাধ চোখে খুজে পাওয়া যায়নি। এদিকে পুড়ে যাওয়া বাসের পক্ষ থেকে কোন অভিযোগও করা হয়নি। তবে বাসের যাত্রীরা নিরাপদেই ছিলেন।