নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত ক্রোধ ও দ্বন্দ্বে জেরে কুমিল্লা নগরীর বজ্রপুরে মিথুন ভুঁইয়া (২২) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সে নগরীর ১৫ নং ওয়ার্ড বজ্রপুর মৌলভীপাড়ার চেয়ারম্যান গলি এলাকার লিটন মিয়ার ছেলে। মিথুন কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার ভলেন্টিয়ার কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ মিরাজ ও শরিফুল ইসলাম রাসেল নামে দুই তরুণকে আটক করেছে। আটকের সময় মেরাজের ঘর থেকে একটি ছোরাও উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নগরীর ১৫ নং ওয়ার্ড বজ্রপুর মৌলভীপাড়ার রহিম মিয়ার ছেলে মিরাজ এবং রাসেলও একই এলাকার বাসিন্দা। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত। গত বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ার অজুহাতে চেয়ারম্যান গলির সামনে মিথুন ভূঁইয়ার বুকে ছুরিকাঘাত করে ঘাতকরা। মিথুন ভূঁইয়া দুই হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করে। রক্তাক্ত আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। ওই দিন রাতেই মিথুনকে ঢাকায় নেওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে পূণরায় কুমিল্লায় আনা হয়। পরে আবারও অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শুক্রবার ভোরে পূণরায় ঢাকা নেওয়ার পথে মিথুনের মৃত্যু হয়।
কোতয়ালী থানার ওসি আনোয়ারুল আজিম জানান, ছুরিকাঘাতের ঘটনায় নিহত মিথুনের বাবা থানায় একটি মামলা করেন। মিথুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার ভোরে মারা যান। হত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মিরাজ ও রাসেল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি ব্যক্তিগত ক্রোধ ও দ্বন্ধের জেরে এই হত্যাকাণ্ড। তবে তদন্ত করলে হত্যার মূল ঘটনাটি জানা যাবে।