নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ‘আওয়ামীলীগ যারা করে তাদের ঈমান নেই’- ফেসবুক লাইভে এমন বক্তব্যের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য লিটন সরকার বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে জেলার দেবিদ্বার থানায় এ অভিযোগটি দায়ের করেন।
স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার বলেন, ‘গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন আওয়ামীলীগ যারা করে তারা মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উস্কানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবকলীগের একজন কর্মী হিসেবে ভিপি নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ‘একই ঘটনায় চট্টগ্রামসহ অন্যান্যস্থানে মামলা হয়েছে। অভিযোগটি পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফেসবুক পেজে লাইভে এসে ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃতপে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামীলীগ করতে পারে না। আওয়ামীলীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’