নিজস্ব প্রতিবেদক
রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোমবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে প্রতিবাদ সভা ও বিক্ষোভে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা ও বিক্ষোভের নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার বক্তব্যে এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. জহিরুল ইসলাম সেলিম, আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল রহমান জাহাঙ্গীর, আতিক উল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, কৃষকলীগের আহ্বায়ক খোরশেদ আলম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক ও যুগ্ম আহ্বায়ক নাইমুল হক হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা আড়াইটা থেকে মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কুমিল্লা টাউন হলে সমবেত হয় আওয়ামী লীগের হাজার নেতাকর্মী। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, মৌলবাদ-জঙ্গিবাদ নিপাত যাক, স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে কুমিল্লা টাউন হল মাঠ। পরে সেখান থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন ব্যানারে নেতাকর্মীরা নগরীর কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, মোগলটুলী, ঈদগাহ মোড়, স্টেডিয়াম হয়ে আবার টাউন হলে এসে শেষ হয়।