নিজস্ব প্রতিবেদক
অনুমোদনহীন শিশুখাদ্য সংরক্ষণ, বিক্রি ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুতের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা। সোমবার কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, অনুমোদনহীন শিশুখাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মাহমুদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২০ প্যাকেট অনুমোদনহীন শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও অনুমোদনহীন পাকিস্তানী ক্রিম বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে মিজান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনুমোদনহীন ক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। অস্বাস্থ্যকর উপায়ে খাবার প্রস্তুত ও অনুমোদনহীন লবণ ব্যবহার করায় মোল্লা হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা ও বাসি খাবার এবং লবণ ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা ছাড়াও ডিম, মাংস ও নিত্যপণ্যের দোকানেও তদারকি করা হয়। এসময় সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।