
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বাজারে সয়াবিন তেল না থাকার ঘটনাটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। তবে দাম আগের তুলনায় বেড়েছে বলে দাবী করেছেন কুমিল্লার ব্যবসায়ী নেতারা। তাদের দাবী একটি কুচক্রীমহল তেল সংকটের গুজব ছড়িয়ে সুবিধা লুটার চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে বাজারে অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করছে।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ, চকবাজার, রাণীর বাজার, বাদশা মিয়াবাজার ও টমছমব্রীজের বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে তেলের দাম বেড়েছে। তবে বাজার থেকে সয়াবিন তেল উধাও এটি সম্পূর্ণ গুজব।
নগরীর রাজগঞ্জ বাজারের রণি স্টোরের মালিক শামিম আহমেদ বলেন, তেলের লিটার প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে লিটার প্রতি ১৬০ টাকা ছিল। সপ্তাহ ব্যবধানে লিটার প্রতি ২০ টাকা বেড়েছে।
রাজগঞ্জ বাজার থেকে তেল কিনেছেন একটি ক্যাবল ব্যবসায়ী আখতার হোসেন বলেন তেলের দাম আগের তুলনায় বেড়েছে এটা সত্যি তবে সব দোকানেই তেল আছে।
ভ্যান চালক আফজল খান বলেন, হগল দোহানো তেল আছে। দামডা বেশী। আধজের তেল কিনছি ৯০ টেকা দিয়া। দামডা না কমলে আর তেল কিনতাম পারতাম না।
নগরীর রাজগঞ্জ বাজারের কেশব স্টোর্সের স্বত্ত্বাধিকারী কেশব বলেন, প্রত্যেকের পর্যাপ্ত তেল মজুদ আছে। তেল নেই বিষয়টি গুজব।
একই কথা বললেন হোসেন স্টোর্সের স্বত্ত্বাধিকারী হোসেন মিয়া। তিনি জানালেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে তেলের দাম লিটারে বেড়েছে ২০ টাকা।
তীর সয়াবিন তেল কোম্পানীর কুমিল্লা জেলার ডিলার রাজিব সাহা জানান, তেল পর্যাপ্ত আছে। অনেকে গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্ঠা করছে।
দৈনিক রাজগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজগর বলেন, প্রত্যেকটা দোকানে পর্যাপ্ত তেল আছে। যারা বলে তেল নেই তারা গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম জানান, কুমিল্লা নগরীর বাজারগুলোতে তেল নেই বিষয়টি পুরোপুরি গুজব। প্রত্যেকটা গুদামে আমরা মনিটরিং করেছি। পর্যাপ্ত তেল মজুদ আছে। তবে তেলের বাজারে দামের অস্থিরতা রয়েছে।